প্রতিবেশী দেশে খরচ বাড়বে ইন্টারনেট ব্যবহাকারীদের

৩ জানুয়ারি, ২০২২ ১৯:৩৪  
করোনা ভাইরাসজনিত লকডাউনের কারণে ভারতে বেড়েছে মোবাইল ফোনে ইন্টারনেটে ব্যবহারের হার। তবে ভারত সরকারের বেশ কিছু নীতির কারণে চলতি বছর বাড়বে ইন্টারনেট ব্যবহারকারীদের খরচ। খবর গেজেটস নাউ। সম্প্রতি ভারতে টেলিযোগাযোগ খাতে ২০-২৫ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে। এর প্রভাবে ইন্টারনেটের দাম বাড়াতে যাচ্ছে দেশটির মোবাইল অপারেটরগুলো। বিশ্লেষকরা বলছেন, বিশ্বে এখনও সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট প্যাকেজ ব্যবহারের দিক থেকে শীর্ষ দেশ হচ্ছে ভারত। কিন্তু বর্ধিত খরচের চাপ ও বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে প্যাকেজ মূল্য বাড়াতে হবে টেলিকম প্রতিষ্ঠানগুলোকে। অবশ্য দাম বাড়লেও প্রতি গিগাবাইট ইন্টারনেটের জন্য ভারতে ৩০ সেন্ট ব্যয় এখন পর্যন্ত বিশ্বের অন্যতম সাশ্রয়ী ডাটা প্ল্যান। পাশাপাশি মাত্র ১০ সেন্টেও সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ডাটা প্যাকেজ ব্যবহার করা যায় দেশটিতে। অথচ যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ায় প্রতি গিগাবাইট ইন্টারনেটের জন্য ৮-১০ ডলার এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ডাটা প্যাকেজের জন্য ৬০ সেন্ট থেকে ২ ডলার পর্যন্ত ব্যয় করতে হয়। সে হিসেবে ভারতের টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর এখনো দাম বাড়ানোর সুযোগ রয়েছে।